জাতীয়

‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’

বায়ান্ন প্রতিবেদন

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।

দেশের ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হবে। এ জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এসব সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন ও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও সম্প্রসারণ করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #সৌরবিদ্যুৎ