জাতীয়

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা—অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব যানবাহনে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

নতুন হারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন বিন্যাস পরিবর্তন করা হলে নির্ধারিত ভাড়াও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে সংশোধিত ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

তবে জ্বালানি তেলের নতুন মূল্যভিত্তিক এই ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। জনস্বার্থে জারি করা নতুন ভাড়ার হার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি তেল #বাস ভাড়া