প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে তার এই বক্তব্যে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুব ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিকেও অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এদিকে দীর্ঘ আট বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়েও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়টিও এসব আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এসি//