যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন পেজেশকিয়ান। এর অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। তারই অংশ হিসেবেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী আছেন। যারা দেশে রেমিটেন্স পাঠায়। সেখানে সংঘাত আরও বাড়লে এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে।
তিনি বলেন, ‘আমরা ইরানের প্রেসিডেন্টকে আহ্বান জানাইছি যে আমরা দ্রুত এটার রেজুলুশন চাই এবং ডিপ্লোমেসির মাধ্যমে যাতে এই যুদ্ধের একটা সমাধান হয়।‘
জ্বালানি সংকট এড়াতে বাংলাদেশের জাহাজগুলো যেন নির্বিঘ্নে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারে, সে বিষয়েও ইরানকে অনুরোধ করা হয়েছে ।
তিনি আরো বলেন, আমরা আশ্বাস পেয়েছি । ইরানি প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে বাংলাদেশের আহ্বান শুনছেন, প্রেসিডেন্টের কার্যালয় গুরুত্বের সাথে আমাদের কথা নোট করেছে।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধবন্ধে নিরপেক্ষভাবে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।
বিশ্বের কল্যাণ, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।