যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবার ইরানে হামলা চালালে চলমান সংঘাত ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাফাভি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে সংঘাত ইতোমধ্যে লোহিত সাগর পর্যন্ত গড়িয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এর পরিধি আরও বাড়তে পারে এবং ভারত মহাসাগর ও এর বাইরেও তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি।
লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুতিদের নিয়ন্ত্রণের প্রশংসা করে সাফাভি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিকে ঘিরে তাদের চোখের সামনেই নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতকে কেন্দ্র করে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও লোহিত সাগর এলাকায় উত্তেজনা বেড়েছে। সাফাভির এই বক্তব্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।
এমএ//