জাতীয়

জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কর্মসূচি শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সূচি অনুযায়ী, উড়োজাহাজটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের পর রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হবে ফ্লাইটটি। ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সফরেই প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেন তিনি।

বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট ও অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হয়।

সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নিউইয়র্ক #জাতিসংঘ #প্রধানমন্ত্রী তারেক রহমান