রাজধানী

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

ওসি জাহাঙ্গীর আলম জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির দাবি, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে মুখোশ পরা ২৫০ জনের বেশি লোক দেশীয় অস্ত্র নিয়ে রাত ১২টার দিকে সেখানে প্রবেশ করে। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে হামলা চালানোর পর বিভিন্ন সামগ্রী লুট করে এবং পরে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিনের পাশাপাশি নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবও লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় পাঁচ দশক ধরে কেন্দ্রটি মিরপুর এলাকার দরিদ্র ও অসহায় মানুষ এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

হামলার পর কেন্দ্রটির সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও রয়েছে।

নাসরিন আখতারের দাবি, হামলায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার #মিরপুর #রাড্ডা