আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় পুড়ল ১ হাজার একর বনাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। ‘বুকে’ নামের এই আগুনে অ্যাঞ্জেলেস জাতীয় বনাঞ্চলের ১ হাজার ৪৮ একর এলাকা ইতোমধ্যে পুড়ে গেছে। রোববার (০৪ অক্টোবর) বিকেল পর্যন্ত আগুনের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার ৩ অক্টোবর স্থানীয় সময় বেলা ৩টা ১৯ মিনিটের দিকে সান্তা ক্লারিটার উত্তর-পূর্বে বুকে ক্যানিয়ন সড়ক ও কোয়ারি সড়কের কাছে আগুনের সূত্রপাত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই পুড়ে যায় প্রায় ১ হাজার একর বনভূমি।

দাবানল ছড়িয়ে পড়ায় আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার পর্যন্ত তিনটি এলাকায় বাধ্যতামূলক উচ্ছেদ নির্দেশ বহাল ছিল। আরও আটটি এলাকায় জারি ছিল সরিয়ে নেয়ার সতর্কতা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবস্থান করলে মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। যেসব বাসিন্দার সরিয়ে যেতে বেশি সময় লাগে, পাশাপাশি যাদের পোষা প্রাণী বা গবাদিপশু রয়েছে, তাদের আগেভাগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বাস্তুহারা মানুষের জন্য উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক এলাকার ক্যাস্টেইক ক্রীড়া কমপ্লেক্সে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে স্থলপথের পাশাপাশি আকাশপথেও ব্যাপক তৎপরতা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুনের বিস্তার ঠেকাতে নিয়ন্ত্রণরেখা আরও শক্তিশালী করার পাশাপাশি আশপাশের জনবসতি রক্ষায় কাজ করছেন তারা।

দাবানলের কারণে বুকে ক্যানিয়ন সড়কের স্পাঙ্কি ক্যানিয়ন সড়ক থেকে ভাসকেজ ক্যানিয়ন সড়ক পর্যন্ত অংশ বন্ধ রয়েছে। রোয়ার ফ্ল্যাট ও ড্রিংকওয়াটার এলাকাতেও যানবাহন নিয়ে বিনোদনের স্থান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

দাবানলটি দুর্গম এলাকায় ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত বড় ধরনের স্থাপনা ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। তবে দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অতিরিক্ত গরমে শুকনো গাছপালা ও অন্যান্য দাহ্য উপাদান আরও শুষ্ক হয়ে পড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শনিবার এক বিবৃতিতে দাবানলকবলিত এলাকার বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষের সরিয়ে নেয়ার নির্দেশ ও জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যেই এই দাবানলের সূত্রপাত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্তত ৮ অক্টোবর পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

লস অ্যাঞ্জেলেস কার্যালয় লস অ্যাঞ্জেলেস, ভেনচুরা ও সান্তা বারবারা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় চরম তাপমাত্রা ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৯২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে।

বিশেষ করে উপত্যকা ও পাহাড়ি এলাকায় বড় আকারের দ্রুতগতির দাবানলের আশঙ্কা বাড়ছে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দীর্ঘস্থায়ী গরমে মানুষের তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ার পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

রোববার বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, দিনের অতিরিক্ত গরমে বাইরে কম সময় অবস্থান এবং তাপজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বড় অংশও স্বাভাবিকের তুলনায় বেশি গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে রয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, পশ্চিম যুক্তরাষ্ট্রের ওপর থাকা উচ্চচাপ বলয় অক্টোবরজুড়ে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় রাখতে পারে। এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।

সূত্র: ইউএসএ টুডে

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #দক্ষিণ ক্যালিফোর্নিয়া #ভয়াবহ দাবানল