পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ চালক সড়কে অবস্থান নেন।
চালকদের অবরোধের কারণে জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। যানবাহনে দীর্ঘ সময় আটকে থাকার পর অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
অবরোধ চলাকালে চালকেরা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনে অংশ না নিয়ে রাজধানীর অন্য সড়কে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজন চালকের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিক্ষোভকারীরা।
একজন রিকশাচালক সাংবাদিকদের বলেন, রাস্তায় রিকশা চালানোর সময় পুলিশ তাদের আটক করে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা অর্থ আদায় করে। এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
প্রায় আড়াই ঘণ্টা অবস্থানের পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন রিকশাচালকেরা। এর আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন।
অবরোধ প্রত্যাহারের পর পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এসি//