সড়কে চলমান অটোরিকশার চলাচলের অনুমতিসহ আট দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার (০৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আট দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি এস এম আবু বকর।
তিনি বলেন, সড়কে বর্তমানে চলাচল করা অটোরিকশাগুলোকে অনুমতি না দেওয়া হলে বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও করা হবে।
অনেক শিক্ষিত তরুণ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব মোকাবিলায় প্রতিটি সরকারকে সহায়তা করেছে রিকশা মালিক সমিতি। এ সময় একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ৩০টি ই-রিকশার অনুমোদন দেওয়ার দাবিও জানান তিনি।
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, তারা উচ্ছেদ চান না, বরং বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। চলমান অটোরিকশাগুলো নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।
সংগঠনটির আট দফা দাবি হলো—
বর্তমানে চলাচলরত অটোরিকশাগুলোকে সড়কে চলাচলের অনুমতি দিতে হবে;
এসব অটোরিকশার লাইসেন্স অথবা কিউআর কোড দিতে হবে।;
বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও মালিকদের অযথা অবৈধ আখ্যা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না;
চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের আওতায় আনতে হবে;
বিদ্যুৎ সাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করতে হবে;
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযথা হয়রানি ও অটোরিকশা ডাম্পিং বন্ধ করতে হবে;
ভিআইপি সড়কের জরুরি পয়েন্টগুলোতে ইউ-টার্নের ব্যবস্থা করতে হবে;
নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে।
এমএ//