পাবনার চাটমোহরে একটি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর রাতে শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে এ ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালী মন্দিরের পাশের ঝোপ থেকে ব্যাগ ভর্তি ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ইদিলপুর কালী মন্দিরের পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগগুলো সন্দেহজনক মনে হলে তারা চাটমোহর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে তল্লাশি চালালে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।
ওসি ওলিউর রহমান বলেন, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে আদালতের অনুমতি নিয়ে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপ ও প্রয়োজনীয় অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আই/এ