প্রবাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইয়েমেনের ইরানপন্থি হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

রোববার (৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি  আরামকোর একটি স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। আজ সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানায়, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। তিনি দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন। সজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

নিহতের চাচা আবুল কাশেম জানান, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে,  সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে সজিবের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিচ্ছে।

সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশি #হুথি