আন্তর্জাতিক

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (০৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে যাওয়ার সময় ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বেনিন থেকে দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের দিকে যাচ্ছিল।

নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর মাধ্যমে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও বিমানটির কোনো সাড়া পাওয়া যায়নি।

এরপর ইগবোকোডার একটি নৌঘাঁটির কাছাকাছি জলাভূমি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্গম ওই এলাকায় পৌঁছাতে উদ্ধারকারী দল নৌযান ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিচে নামার সময় কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর নাইজেরিয়ায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নাইজেরিয়া #সামরিক বিমান #বিধ্বস্ত #নিহত