হাম দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) এ ঘোষণা দেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
২০২৫ সালে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এ ধরনের জরুরি অবস্থা ঘোষণার ঘটনা এবারই প্রথম।
জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার অনুমোদনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের পরিধিও বাড়ানো হয়েছে। নিউইয়র্কে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর আক্রান্ত হয়েছেন ৯২ জন।
রাজ্যের ১৮টি গ্রামীণ কাউন্টিতে টিকাদানের হার তুলনামূলক কম হওয়ায় এসব এলাকায় হাম দ্রুত ছড়িয়ে পড়ছে।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে সাতজন নিউইয়র্ক শহরের বাসিন্দা এবং ১০১ জন রাজ্যের অন্যান্য এলাকার।
১৫ জুলাইয়ের পর নিউইয়র্কের গ্রামীণ এলাকাগুলোতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধী এক হাজারের বেশি টিকা দিয়েছে। জরুরি অবস্থার আওতায় নিবন্ধিত নার্সদের সন্দেহভাজন হাম রোগীর জন্য পরীক্ষা নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ওষুধ বিক্রেতাদের দুই বছর বয়সী শিশুদেরও হাম, মাম্পস ও রুবেলার টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া টিকা দেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য কিংবা নিউইয়র্ক শহরের টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মতির বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনো প্রয়োজন হবে।
নিউইয়র্কের প্রতিবেশী অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। আক্রান্তদের বেশির ভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ এলাকার বাসিন্দা।
সোমবার পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অঙ্গরাজ্যটিতে হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর ফলে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সেখানে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রজুড়েও চলতি বছর হাম পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। ১৯৯১ সালের পর এবারই দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩ হাজার ৯০০ আক্রান্তের খবর পাওয়া গেছে।
নিউইয়র্কে ঘোষিত জরুরি অবস্থা সোমবার থেকে কার্যকর হয়েছে। এই আদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সূত্র: রয়টার্স
এসি//