সৌদি আরবের জাজান ও নাজরান বিমানবন্দরে পৃথক হামলায় তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিমানবন্দর ও নাজরান বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার পরপরই বিশেষায়িত দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হামলায় তিনজন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর দুটির অবকাঠামোরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে হামলাগুলোর দায় হুথিরা নিয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এমএ//