ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (০৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার।
বিমানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ দেশের এভিয়েশন খাতকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, শুধু আধুনিক উড়োজাহাজ থাকলেই একটি এয়ারলাইনস সফল হয় না। এর জন্য পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধ প্রয়োজন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
চুক্তি অনুযায়ী, এয়ারবাসের উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
এমএ//