আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে এক ব্যক্তির গুলিতে হামলাকারী কিশোরও নিহত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে হামলাকারী।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে গিয়ে তাকে গুলি করেন। এতে কিশোরটি নিহত হয়। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত তিন শিশুর বয়স ছিল পাঁচ, আট ও ১১ বছর। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী স্থানীয় বাসিন্দা হলেও বিদ্যালয়টির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পুলিশ আরও জানিয়েছে, প্রথমে একটি গাড়িতে দীর্ঘ নলের অস্ত্র দিয়ে গুলি চালানোর খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে যায়। এর কয়েক মিনিট পর বিদ্যালয়ে হামলার খবর পেয়ে একাধিক জরুরি ফোন আসে। পুলিশ পৌঁছানোর আগেই এক ব্যক্তি হামলাকারীকে গুলি করেন। পরে পুলিশ বিদ্যালয়ে তল্লাশি চালায়।

ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় স্কুল জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা স্টিভেন কুক। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় পুরো সম্প্রদায় শোকাহত। পরিস্থিতি সামাল দেওয়া ও শোক কাটিয়ে ওঠার জন্য সময় প্রয়োজন উল্লেখ করে শুক্রবার বেন্ড শহরের সব বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র