কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় তার প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদন মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান।
পুলিশ জানায়, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী মোহাম্মদ রাশেদ রাজুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন।
এতে বলা হয়, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় যাওয়ার পথে তার সঙ্গে এমন ঘটনা ঘটত না। তার অভিযোগ, রাজু মিথ্যা পরিচয় ও ভালোবাসার অভিনয়ের মাধ্যমে কিশোরী তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। ঘটনাটি তাকে ব্যথিত করেছে। বিবেকের তাড়না থেকেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন
এর আগে তাজমিন হত্যার পরে রাজুকে কক্সবাজার থেকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজু নিজেকে হোটেলমালিকের ছেলে পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে আসেন।
আটকের পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আই/এ