২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শুরু হবে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) থেকে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারবে।
এ ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ওই দিন থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এছাড়া মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা চূড়ান্তভাবে মনোনীত হয়েও নিশ্চায়ন না করা বা কোটাসংক্রান্ত ভুলের কারণে ভর্তি হতে পারেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে আগে নির্বাচন নিশ্চায়ন করা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এমএ//