রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।
রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি জানান, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় সচিবালয়ের নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। সেখানে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনে মোট প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট অফিস স্পেস থাকবে।
বর্তমান সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত চাহিদা এবং সচিবালয় কমপাউন্ডের বাইরে থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য আরও ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লুই আই কানের মাস্টারপ্ল্যান অনুযায়ী শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে স্থাপত্য অধিদপ্তর ধারণাগত স্থাপত্য নকশা প্রণয়ন করেছে।
সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
আই/এ