দেশজুড়ে

জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে রাতভর নির্যাতন

রংপুরের পীরগঞ্জে এক জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৬) গাছে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।  এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুজারকুঠি গ্রামের বাসিন্দা আতাউর রহমান মাস্টার টুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার মেয়ে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ওই বিদ্যালয়ের একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আতাউর মাস্টার ও তার স্বজনেরা।

এ অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে আতাউর মাস্টারের নেতৃত্বে তার স্বজনেরা স্কুলছাত্রকে ধরে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে হাত বেঁধে লাঠি ও প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে ওই ছাত্র জ্ঞান হারালেও তাকে মারধর করা হয়।

 এ সময় জামায়াত নেতার স্বজনদের পাশাপাশি কয়েকজন নারীও নির্যাতনে অংশ নেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

খবর পেয়ে ছাত্রের স্বজনেরা সেখানে গেলে তাদের গালিগালাজ করে চলে যেতে বাধ্য করা হয়। পরে রাতভর নির্যাতনের পর রবিবার ভোরে এলাকাবাসী ও স্বজনদের ডেকে ছাত্রকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের  অভিযোগ, আতাউর মাস্টার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা পুরো ঘটনা চেপে যাওয়ার জন্য অব্যাহত হুমকির মুখে রয়েছেন। তবে নিরাপত্তার আশঙ্কায় পরিবারের কেউই এখনও থানায় অভিযোগ করেননি।

অভিযোগের বিষয়ে  আতাউর মাস্টার বলেন, আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছি। ওই ছাত্রকে একটু শাসন করেছি আমরা।’

এ ব্যাপারে টুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। রাতে সেখানে ছিলাম। পরে অসুস্থতার কারণে সেখান থেকে চলে এসেছি।’

ওসি নাজমুল হক বলেন, ‘এ নিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত #রংপুর