রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম শেখের গ্রামের বাড়ি নাটোর জেলায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজ (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে শিশু চোর সন্দেহে ঘিরে ধরেন এবং হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি কোনও উত্তর দিতে না পারায় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ।
একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি মনিরুজ্জামান বলেন,নিহতের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আই/এ