দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন সাময়িক বন্ধ ঘোষণা

সেলফি পরিবহনের বাসের ধাক্কায় মানিকগঞ্জে দুজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সেলফি পরিবহন বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এ ঘোষণা দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

গতকাল সকালে সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে প্রায় ২০০-৩০০টি যানবাহন।

পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখার কথা জানালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রায় ৩ ঘণ্টা অবরোধ চলার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আই/এ