গাজীপুরের কালীগঞ্জে টহল চলাকালে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, কালীগঞ্জ থানায় কর্মরত এসআই মিজানুর রহমান ও কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টহলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। টহলের একপর্যায়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা। এ সময় স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়।
কাভার্ডভ্যানের ধাক্কায় সবাই ছিটকে পড়েন। এসময় কাভার্ডভ্যান চালক এসআই মিজানুর রহমানকে চাপা দিয়ে গাড়ির নিচে আটকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যান। পরে রাস্তার পাশে তাকে ফেলে রেখে দ্রুত ঘোড়াশালের দিকে কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে এসআই মিজানুর রহমান মারা যান।
চালককে শনাক্ত ও ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
আই/এ