দেশজুড়ে

আবারও বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় আবারও  বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকটের কারণে এর আগে ৭ মাস বন্ধ ছিল কারখানাটি।

রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন চালু রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায়  ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে।

কারখানা কতৃপক্ষ জানিয়েছে,কারখানাটি  দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষম। চলতি বছরের ২০ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হলে উৎপাদন শুরু হয়। এরপর ৭ অক্টোবর কারখানার বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বয়লার প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি সারানোর পর ১৬ দিন বিরতি দিয়ে গত ২৩ অক্টোবর আবার উৎপাদনে ফেরে কারখানাটি। কিন্তু উৎপাদন শুরুর দুই দিনের মাথায় গ্যাস সংকটে আবারও বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাটিতে গ্যাস সরবরাহ করে থাকে।

আই/এ