শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

বায়ান্ন প্রতিবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে শুক্র ও শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এবারও বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। তবে এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষার ফি নির্ধারণের বিষয়ে আলী রেজা বলেন, এ নিয়ে সভায় আলোচনা হলেও ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরবর্তী সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই রাখা হবে। তবে এবার আইন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #ভর্তি পরীক্ষা