ফেব্রুয়ারিতে ৮ ডিগ্রির ঘরে নামতে পারে তাপমাত্রা
শীতের কনকনে ছোবল ধীরে ধীরে নরম হতে শুরু করেছে। ভোরের হাড়কাঁপানো ঠান্ডা এখন আর আগের মতো তীব্র নয়, তাপমাত্রাও সামান্য ঊর্ধ্বমুখী। তবু শেষরাত থেকে সকাল—দেশের নানা প্রান্তে এখনো নেমে আসে কুয়াশার ঘন চাদর। শীত বিদায়ের ইঙ্গিত মিললেও ফেব্রুয়ারির শুরুতেই আবার ঠান্ডার কামড় বাড়তে পারে—এমন আভাসই দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
রোববার (০১ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও মাসের প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। ওই সময় এসব অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
ফেব্রুয়ারির শুরুতে কুয়াশার দাপটও কমছে না। বিশেষ করে দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা সকালের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব ফেলতে পারে।
মাসের শেষ দিকে আবহাওয়ার চরিত্রে আসতে পারে ভিন্নতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির শেষভাগে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে ফেব্রুয়ারির আবহাওয়ায় থাকছে শীতের শেষ স্পর্শ, কুয়াশার ধোঁয়াশা সকাল আর মাসের শেষদিকে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা—যেন ঋতু বদলের ঠিক আগমুহূর্তের এক চেনা অনিশ্চয়তা।
এসি//