ক্যামেরা, ড্রোন ও অ্যাপের মাধ্যমে দেশজুড়ে ভোট পর্যবেক্ষণ করছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কেন্দ্রীয়ভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চার ধরনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে—বিমান বাহিনীর ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকেল), ড্রোন, সিসিটিভি এবং বডি-ওর্ন ক্যামেরা। এসব প্রযুক্তির মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকেই ভোটগ্রহণের চিত্র সরাসরি নজরদারিতে রাখা হচ্ছে।
নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা লাইভ ভিডিও ফিডের মাধ্যমে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করেও ভোটের কার্যক্রম তদারকি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের মনিটরে বিভিন্ন কেন্দ্রের সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করতে দেখা যায় কর্মকর্তাদের।
কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টায় পর্যবেক্ষণ শুরু হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইসি কর্মকর্তারা জানান, সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সাড়ে ১১ লাখের বেশি ভোট পড়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মনিটরিং সেল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমরা ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছি। আপনারাও পর্যবেক্ষণ করুন এবং আমাদের জানান।
এর আগে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা থাকবে। ৯০ শতাংশেরও বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি থাকবে। সংবেদনশীল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য বডি ওর্ন ক্যামেরায় অ্যাক্সেস থাকবে।
আখতার আহমেদ আগেই জানিয়েছিলেন, এই নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। দুর্গা পূজার নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একই অ্যাপ সক্রিয় থাকবে।
এবার ২৯৯ আসনের ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫০টি দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থী দুই হাজার ২৮। ভোটার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।
এসি//