কেন্দ্রের ফল আর রিটার্নিং কর্মকর্তার দপ্তরের ফলাফলে মিল নেই : এনসিপি
এনসিপি মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে এক ধরনের ফলাফল আসছে, আর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আরেক ধরনের ফলাফল দেওয়া হচ্ছে এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ দাবি করেন, যেসব আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, সেসব আসনে তাদের হারাতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে। ঢাকার কয়েকটি আসনে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই বিএনপি প্রার্থীর নিজেকে বিজয়ী ঘোষণা করে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও কিছু স্থানে মব সৃষ্টি করা হয়েছে। শাপলা কলি প্রতীকের এক প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেও রিটার্নিং কর্মকর্তা উল্টো ফল ঘোষণা করেছেন ।
ঢাকা-৮ আসনের প্রসঙ্গ টেনে তিনি আরও অভিযোগ করেন, “বাতিল ভোট হিসেবে গণ্য হওয়ার কথা থাকলেও কিছু ব্যালট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনা করা হয়েছে।”
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে এনসিপি।
আই/এ