ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, দুর্ভোগে যাত্রীরা
সিরাজগঞ্জ শহরের অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন-এ দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় টানা দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার হাজারো সিএনজিচালক ও সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ এলাকায় অবস্থিত স্টেশনটিতে ১০–১২ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা গ্যাস পাম্পের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম ও আরএমএস কক্ষ ভাঙচুর করে এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। হামলার সময় স্টেশনের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু জানান, আকস্মিক এই হামলায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আজ সরেজমিনে দেখা যায়, হামলার পরও স্টেশনটির গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি এবং ভাঙচুর হওয়া যন্ত্রপাতি এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। ফলে জেলার প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার সিএনজি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন-এর নেতারা।
গ্যাসের অভাবে সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। দ্রুত মেরামত শেষে গ্যাস সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ