ইরান-ইসরাইল সংঘাত
হামলার ছবি–ভিডিও প্রচারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩
ইরানের হামলার ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার (০৯ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা হামলা-সংক্রান্ত ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন শাখা জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
ইরান ও ইসরাইল–সংঘাতের মধ্যে ইরান প্রতিদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসব হামলায় বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও গুজব ছড়ানো ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। গেল ৬ মার্চ বাহরাইন–এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া কুয়েত ৭ মার্চ দেশের পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সংবেদনশীল ছবি শেয়ার করা বা অনির্ভরযোগ্য তথ্য প্রচারের বিরুদ্ধে বাসিন্দাদের সতর্ক করে খুদে বার্তা পাঠিয়েছে।
একই ধরনের সতর্কতা জারি করেছে সৌদি আরব। তবে এসব সতর্কতার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি ছড়িয়ে পড়ছে।
এমএ//