মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজার নাগরিক সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফিরিয়ে আনা নাগরিকদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা দিয়েছে এ জন্য গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে আনতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম আসন পূর্ণ ছিল। কারণ অনেক মার্কিন নাগরিক নিজ উদ্যোগে বাণিজ্যিক ফ্লাইটে করে দেশে ফিরে গেছেন।
এদিকে চার্টার ফ্লাইটের পাশাপাশি স্থলপথেও সরিয়ে নেয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, যেসব নাগরিক সহায়তা চাইবেন, তারা আবেদন করলেই প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
এসি//