আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ২০৮ শিশু নিহতের দাবি ইরানের

ছবি: প্রতীকী ছবি

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় অন্তত ২০৮ জন শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির জরুরি সেবা বিভাগ। মঙ্গলবার (২৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া এক ভিডিও বক্তব্যে সংস্থাটির প্রধান জাফার মিয়াদফার এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত শিশুদের মধ্যে ১৬৮ জনই যুদ্ধের শুরুর দিকে মিনাব শহরের মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায়।

তিনি আরও বলেন, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স ছিল পাঁচ বছরের নিচে। সবচেয়ে কম বয়সী শিশুটি ছিল মাত্র তিন দিনের নবজাতক।

ইরান সরকারের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড়হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। 

গতকাল সোমবার (২৩ মার্চ) ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন