মোহাম্মদপুরে বসছে ৫ শতাধিক সিসিটিভি ক্যামেরা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে পুরো এলাকাকে আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে বাসিন্দাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ সড়ক মোড়, বাজার এবং জনবহুল স্থানগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক ক্যামেরা বসানো হবে। এই প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়া আরও কার্যকর হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সেই আলোচনার ভিত্তিতেই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশেষ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুলিশের লক্ষ্য হলো, অপরাধীদের যেকোনো কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, পুরো এলাকাকে সম্পূর্ণ নজরদারির আওতায় আনার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলছে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ হবে।
তিনি আরও জানান, এই ব্যবস্থা চালু হলে অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে, যা অপরাধীদের মধ্যে ভীতি তৈরি করবে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে। ওসির তথ্য অনুযায়ী, আগামী এক মাসের মধ্যেই মোহাম্মদপুর এলাকায় প্রায় পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এসি//