ঈদের আগে-পরে ৭ দিন বিশেষ মনিটরিং, চালু থাকবে হটলাইন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে ঈদের সাত দিন আগে ও সাত দিন পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় পুলিশ হেডকোয়ার্টারে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার হটলাইন নম্বর সক্রিয় রাখা হবে।
মঙ্গলবার (১২ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জাল নোট শনাক্তকরণ বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সক্রিয় থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, কোরবানির পশুবাহী ট্রাক ও নৌযানে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে হটলাইনে জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে চাঁদাবাজি, মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষ, ব্যাংক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। ঈদের আগে যেন কোনও শ্রমিকের বেতন-বোনাস বকেয়া না থাকে—সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সড়ক ও নৌপথে দুর্ঘটনা কমাতে স্পিডগান ব্যবহার, রেকার প্রস্তুত রাখা এবং মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে পশু পরিবহনেও নজরদারি বাড়ানো হবে। ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ১০২ সার্বক্ষণিক সক্রিয় থাকবে।
আই/এ