খেলাধুলা

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে মার্টিনেজ!

ছবি: সংগৃহীত ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের দুশ্চিন্তার কারণ দেখছেন না সংশ্লিষ্টরা।

গেল বুধবার (২০ মে) ইংলিশ ক্লাব অ্যাস্টোন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপ চলাকালে চোট পান মার্টিনেজ। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় তার আঙুলে চোট লাগে।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে যায়। তবে জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সবসময় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি, সামনেও করব।”

তিনি আরও বলেন, “আমার কি চিন্তিত হওয়ার মতো কিছু আছে? ভালো, আগে কখনও আমার আঙুল ভাঙেনি।”

তবে চিকিৎসকদের মতে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। আগামী ২০ দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

চোটের কারণে আর্জেন্টিনার সামনের দুটি প্রীতি ম্যাচ মিস করতে পারেন এই গোলরক্ষক। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশ নেবে। গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

 

আরআই/এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন