হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, ভেতরে ছিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে হোয়াইট হাউসের সামনের এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালান।
সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়, গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আহত ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর। তার পরিচয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িকভাবে ‘লকডাউন’ জারি করা হয়। এ সময় কাউকে ভেতরে প্রবেশ কিংবা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।
ঘটনার পর হোয়াইট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএ//