আন্তর্জাতিক

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি, দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন বলে দাবি করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই এ দাবি করলেও ওয়াশিংটন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

শনিবার (১৩ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় রেজাই এ দাবি করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে। রেজাই দাবি করেন, ইরানের প্রতিরোধ সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার পথেই এগোতে বাধ্য হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ইসরাইলের প্রভাব নিয়েও তীব্র সমালোচনা করেন রেজাই। তিনি অভিযোগ করেন, লবিংয়ের মাধ্যমে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণে ইসরাইলের প্রভাব এতটাই বেড়েছে যে যুক্তরাষ্ট্র কার্যত জায়নবাদী শাসনের প্রভাববলয়ে চলে গেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক সই হলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি লেবানন ঘিরে তৈরি উত্তেজনারও আনুষ্ঠানিক অবসান ঘটতে পারে। একই সঙ্গে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি কয়েক দিনের মধ্যেই সই হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে। সম্ভাব্য চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলেও দাবি করেন তিনি।

তবে ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত ইরানি কর্মকর্তার দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন