বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে আক্রমণভাগে এমন নিষ্প্রভ আর্জেন্টিনাকে আগে দেখা যায়নি। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
শুধু নির্ধারিত সময়েই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরও আর্জেন্টিনার আক্রমণে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্তও স্পেনের গোলমুখে একটি শট নিতে ব্যর্থ হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত কোনো শট নিতে না পারার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে আর্জেন্টিনা।
ম্যাচজুড়ে স্পেনের উচ্চমানের প্রেসিং, বলের দখলে স্পষ্ট আধিপত্য এবং সুসংগঠিত রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় আর্জেন্টিনার আক্রমণ। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো কার্যকর কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্কালোনির শিষ্যরা।
প্রথমার্ধেও একই চিত্র দেখা যায়। পুরো প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে শটহীন থাকার ঘটনা এটিই প্রথম। বিরতির পরও সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি, বরং ম্যাচের ১০৫ মিনিট পর্যন্ত আক্রমণে সম্পূর্ণ নিষ্প্রভই ছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
এসি//