খেলাধুলা

ভক্তদের জন্য চিরকুট রেখে নীরবে জন্মস্থান ছাড়লেন স্কালোনি

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের পর নিজের শেকড়ে ফিরে কিছুটা স্বস্তির সময় কাটাতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের সেই সফরকে স্মরণীয় করে তুলেছিলেন তারই জন্মশহর পুজাতোর মানুষ। প্রতিদিন শত শত ভক্ত ভিড় জমিয়েছেন তার বাবা-মায়ের বাড়ির সামনে—কেউ শুভেচ্ছা জানাতে, কেউ একটি ছবি তুলতে, আবার কেউ প্রিয় কোচের অটোগ্রাফ সংগ্রহ করতে। তবে বিদায়ের মুহূর্তে সবার অগোচরেই শহর ছেড়ে চলে গেলেন বিশ্বকাপজয়ী এই কোচ।

শনিবার (২৫ জুলাই) রাতে কাউকে কিছু না জানিয়ে পুজাতো ত্যাগ করেন স্কালোনি। এমনকি জন্মস্থান ছাড়ার খবরটিও তিনি জানান ভিন্ন এক উপায়ে। বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট টাঙিয়ে রেখে যান তিনি। পরে পুজাতোর স্থানীয় গণমাধ্যম চ্যানেল ২ সেই চিরকুটের ছবি প্রকাশ করে।

চিরকুটে লেখা ছিল, ‘লিও (স্কালোনি) গত রাতে চলে গেছেন! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’ মূলত কেউ যেন তাকে খুঁজতে এসে অপেক্ষা না করেন, সেই ভাবনা থেকেই এমন বার্তা রেখে যান তিনি।

স্কালোনির উপস্থিতিতে কয়েক দিনের জন্য যেন নতুন প্রাণ ফিরে পেয়েছিল তিন হাজারের কিছু বেশি মানুষের ছোট্ট শহর পুজাতো। মাত্র পাঁচ দিনের অবস্থানেই অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রতিদিনই শত শত সমর্থক তার সঙ্গে দেখা করতে আসেন। কেউ অভিনন্দন জানান, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন, আবার কেউ সংগ্রহ করেন স্বাক্ষর।

পুজাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরবর্তী ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই কোচকে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন