গরু চোর সন্দেহে দম্পতিকে গণপিটুনি, আদালতে প্রেরণ
পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে, আটক ওই দম্পতির বিরুদ্ধে গরু চুরির কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী নিজেদের একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হয়ে পড়ে। তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে গরু চোর সন্দেহে আটক করেন এবং মারধর করেন।
পরে ভোর চারটার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন। একই সঙ্গে তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা স্বামী স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা গরু চোর এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সঠিকভাবে ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
আই/এ