নেপালে আকস্মিক বন্যায় জাতিসংঘ মহাসচিবের শোক
নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বন্যায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতিসংঘ মহাসচিব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতিও সংহতি জানিয়েছেন গুতেরেস।
এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, আকস্মিক বন্যায় বহু মানুষের প্রাণহানি এবং অনেকে নিখোঁজ থাকার খবর গুতেরেসকে গভীরভাবে ব্যথিত করেছে। বন্যায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিতেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
নেপালে সরকারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জাতিসংঘ সহায়তা করছে। দুর্যোগের মাত্রা নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি।
এ ছাড়া দুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবিক সহায়তাকারী অংশীদাররা।
এর আগে নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।
বন্যার পর দেশটিতে প্রায় ৪০৩ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
দুর্যোগে প্রাণহানির পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জীবন রক্ষায় কাজ করা জরুরি উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন গুতেরেস। পরিস্থিতির প্রয়োজনে নেপালকে আরও সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট
এসি//