জাতীয় দলে আর ফিরছেন না নেইমার : আনচেলত্তি
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এবার ব্রাজিল জাতীয় দলে এই তারকা ফুটবলারের অধ্যায় শেষ হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করলেন কোচ কার্লো আনচেলত্তি।
সিএনএন স্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ জানান, দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ নেইমারের নিজের। চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও নেইমারকে বিশ্বকাপে রাখা যৌক্তিক ছিল বলেও যুক্তি দেন তিনি।
তিনি আরও জানান, নেইমারের কোনো বিকল্প হয় না, কারণ সে অসাধারণ ও অনন্য তার প্রতিভা। সে দলের জন্য একজন অপরিহার্য খেলোয়াড়। তার মানের কারণেই বিশ্বকাপের দলে থাকার যোগ্যতা ছিল। তবে নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না।
ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের অবসরের বার্তাটি সামনে আনেন। এর পরপরই অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ফিফা উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষনা করেন আনচেলত্তি, যেখানে নেইমারকে দলে রাখা হয়নি।
২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর মোট চারটি বিশ্বকাপে অংশ নেন নেইমার। ১২৯ আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল নিয়ে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
দেশের হয়ে ২০১২ অলিম্পিকে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক প্রথম অলিম্পিক স্বর্ণ এনে দেন এই তারকা।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি চেষ্টা করেছিলাম, সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ করলাম। সবকিছু এখন শেষ।’
আর/আই