দুই জেলায় বজ্রপাতে দুই জন নিহত
পাবনার ঈশ্বরদি ও নেত্রকোনায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নেত্রকোনার খালিয়াজুরী শফিকুল মিয়া (৩০) ও পাবনার ঈশ্বরদীর রকিবুল সরদার (৩৭)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী এলাকার শফিকুল খাবার খাওয়ানোর জন্য হাঁস নিয়ে বাড়ির সামনে পাউকাটা হাওরে যান। সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রান হারান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। দাফন-কাফনের জন্য নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা মালিথাপাড়া চরে কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুই শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।
নিহত রকিবুল ওই এলাকার মোয়াজ্জেম সরদারের ছেলে। আহত শামসুল মৃধা বিলকাদা গ্রামের হামিদ মৃধার ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আই/এ