আন্তর্জাতিক

নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্রের দীর্ঘ সংঘাতের মধ্যেই নিউইয়র্কে জমে উঠছে কূটনৈতিক তৎপরতা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মুখোমুখি হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে বৈঠকের সম্ভাবনার পাশাপাশি নতুন করে আলোচনায় বসতে ইরানের দেওয়া কয়েকটি শর্তও সামনে এসেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানি ও তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কাতারের রাজধানী দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিউইয়র্কের উদ্দেশে রওনা হন আরাঘচি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নিউইয়র্কে আসছেন। অধিবেশনের সময় তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। এমন সম্ভাবনার বিষয়ে ট্রাম্প নিজেই আগ্রহ দেখিয়েছেন।

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, এ ধরনের বৈঠকের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে সংঘাত চলার মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সংঘাতের পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।

কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে আলোচনায় বসার শর্ত জানিয়েছে ইরান।

ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, তেহরানের শর্তের মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, জব্দ থাকা ইরানি অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহার।

এর আগে দুই দেশের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু শর্তের কথাও সামনে এসেছিল। এর মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি নিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে।

এদিকে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্পের আগ্রহের কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

সোমবার তিনি বলেন, ট্রাম্প সবসময়ই একটি সমঝোতায় পৌঁছানোর পথ খোলা রাখেন।

তবে ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাইরে ট্রাম্প ও পেজেশকিয়ানের সম্ভাব্য এই বৈঠক হলে, তা দুই দেশের চলমান সংঘাতের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগের একটি সুযোগ তৈরি করতে পারে।

সূত্র: গালফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন