আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনায় কমেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা এগিয়ে চলার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে সৌদি আরবে হুতিদের হামলা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা এখনো বাজারে রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ৪৭ ডলার কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ১১ ডলারে নেমে যায়। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২ দশমিক ১ শতাংশ বা ২ ডলার কমে ৯২ দশমিক ৬১ ডলারে লেনদেন হয়।

চলতি সপ্তাহে তেলের বাজারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। এর মধ্যে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য ধাপ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আলোচনায় ইরানের হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে।

সূত্র: আলজাজিরা

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন