বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত
বরিশালের উজিরপুরে সুরভী পরিবহণের যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন, আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সৌরভসহ তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের অন্য স্টাফরা পালিয়ে যান।
এ ঘটনায় আধাঘণ্টার জন্য মহাসড়ক বন্ধ ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ