আন্তর্জাতিক

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় লোক ভাড়া করে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

বিবাহিত এক পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চরম খেসারত দিতে হয়েছে ভারতের এক তরুণী। অভিযোগ, ওই বন্ধুর স্ত্রী প্রতিশোধ নিতে লোক ভাড়া করে তাকে গণধর্ষণ করিয়েছেন। একই ঘটনায় ওই তরুণীর পুরুষ বন্ধুকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত মাসে ভারতের কেরালার ত্রিসুরে ঘটে। ওই তরুণী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে একটি হোটেলে ওঠেন। সেখানে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পাঁচ ব্যক্তি প্রবেশ করেন। পরে তারা দুজনকে জোর করে বেঁধে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

গাড়িতে ওই তরুণীর বন্ধুকে মারধর করা হয়। পরে তাদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালের বাইরে ওই ব্যক্তিকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। মারধরে তার হাত ও পা ভেঙে যায়।

এরপর ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িতে থাকা দুজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে শনাক্ত করে।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর মুঠোফোনের অবস্থান অনুসরণ করে তিনি কোথায় আছেন তা জানতে পারেন। পরে সেই তথ্য অভিযুক্তদের দিয়ে তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বলেন। স্বামীর সঙ্গে ওই তরুণীর ঘোরাঘুরি নিয়ে ক্ষোভ থেকেই স্ত্রী এই পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন