দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কোনো লেনদেন হবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সব মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম।
তবে ছুটির সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। কারণ শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
এদিকে, দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে।
এর আগে, গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
এসি//