মানবতাবিরোধী অপরাধ: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
সংক্ষিপ্ত রায় পাঠের পর আসামিদের সাজা ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই পলাতক।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম, কৌঁসুলি মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও জহিরুল আমিনসহ অন্য কৌঁসুলিরা উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন।
যেভাবে এগিয়েছে বিচার
গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন নির্ধারণ করা হয়।
এর আগে ১০ জুন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি জমা দেওয়ায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২০২৫ সালের ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
তিন অভিযোগে বিচার
এ মামলায় চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দমনে হানিফের উসকানি, প্ররোচনা ও সহায়তা; কুষ্টিয়ায় আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ এবং ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় চার নেতার সংশ্লিষ্টতা।
প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই এবং ৩ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বৈঠক ও সভায় উপস্থিত ছিলেন হানিফ। এসব সভায় দেওয়া উসকানিমূলক বক্তব্য তিনি সমর্থন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে বক্তব্য দেন হানিফ।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর হত্যা ও নির্যাতন চালানোর উসকানি, প্ররোচনা ও সহায়তা দেওয়া হয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকারের ক্ষমতা নিরঙ্কুশ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকেও হানিফ সমর্থন করেন বলে অভিযোগে দাবি করা হয়। ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের শনাক্ত করে তাদের অবস্থান ও লক্ষ্য নির্ধারণ এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্তেও তাঁর সমর্থন ছিল বলে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে আন্দোলনকারীদের হত্যা ও গুরুতর আহত করার ঘটনায় হানিফ উসকানি ও সহায়তা দিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
কুষ্টিয়ায় সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশের অভিযোগ
দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হানিফের নেতৃত্বে একটি বৈঠক হয়। এতে সদর উদ্দিন খান, আজগর আলী, আতাউর রহমান আতা ও দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, বৈঠকে নিরস্ত্র ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে কুষ্টিয়া শহরে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন হানিফ।
ওই বৈঠকে দেওয়া বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ, গুলি চালানো, হত্যা ও নির্যাতনের উসকানি এবং সহায়তা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ অভিযোগে হানিফের পাশাপাশি সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতার নাম রয়েছে।
৫ আগস্ট ছয়জনকে হত্যার অভিযোগ
মামলার তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে। নিহত ব্যক্তিরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ওই দিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামেন। সকাল ১০টার দিকে হাজারো ছাত্র-জনতা শহরের হাসপাতাল মোড়ে জড়ো হন। পরে তারা চৌড়হাস থেকে মজমপুরের দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়, হানিফের পরিকল্পনা ও নির্দেশনার ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সহায়তা করে। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একসঙ্গে গুলি চালান বলেও অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।
অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলিতে ছয়জন নিহত হন। তাদের মধ্যে আশরাফুল ইসলাম বক চত্বরের প্রায় ৫০ গজ উত্তরে, সুরুজ আলী বাবু বার্মিজ গলিতে, আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা হরিপুরগামী সড়কে আড়ংয়ের সামনে, বাবলু ফরাজী তুলাপট্টির গলিতে এবং ইউসুফ শেখ ফায়ার সার্ভিসের বিপরীত পাশের সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এসব হত্যাকাণ্ডে হানিফ, সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, উসকানি, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।
মামলার বিচার শেষে হানিফকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এসি//